দেশজুড়ে শুরু বিশেষ হাম-রুবেলা টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু

দেশজুড়ে শুরু বিশেষ হাম-রুবেলা টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু

মুক্তমন রিপোর্ট : দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। টিকাদানের আওতার বাইরে থাকা ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীর কড়াইল এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘ইনটেনসিফায়েড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হুসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. এএনএম বজলুর রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি গিলিয়ান মেলসপ এবং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপপ্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল।

চলবে ৩১ অক্টোবর পর্যন্ত

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিশেষ এ কর্মসূচির আওতায় আগে হাম-রুবেলার টিকা না পাওয়া বা জাতীয় টিকাদান কর্মসূচির সময় বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়া হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ ছাড়া কর্মসূচি চলাকালে যেসব শিশু ছয় মাস বয়স পূর্ণ করে টিকা নেওয়ার উপযুক্ত হবে, তাদেরও টিকার আওতায় আনা হবে।

টিকাদানের আওতার বাইরে থাকা শিশুদের তালিকা তৈরি করার পাশাপাশি আগের তালিকা বা প্রচারাভিযানের তথ্যভান্ডারে যেসব শিশুর নাম নেই, তাদেরও শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা গ্রহণের তথ্য যাচাই করবেন। যেসব শিশু এখনো টিকা পায়নি, তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

১ কোটি ৯৮ লাখের বেশি শিশু টিকা পেয়েছে

চলতি বছর দেশে হাম সংক্রমণ ছড়িয়ে পড়ার পর শিশুদের সুরক্ষা ও সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ২০২৬ সালের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ৯৮ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এরপরও টিকার আওতার বাইরে থাকা শিশুদের শনাক্ত করে টিকা দেওয়ার লক্ষ্যে বিশেষ এ কর্মসূচি শুরু করা হয়েছে।

কর্মসূচির মাধ্যমে বাদ পড়া শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানের সার্বিক আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।