গীতি গমন চন্দ্র রায় গীতি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন।
পরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে প্যানেলভুক্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারও অংশ নেন।
সভাগুলোতে নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া নির্বাচনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। নির্বাচনি অপরাধ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি বৃদ্ধি এবং অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
ঠাকুরগাঁও প্রতিনিধি
Muktomon/TA