আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানে ২৪ ঘণ্টায় ২৬৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত, আহত অথবা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। একই সময়ে হুথি যোদ্ধাদের হামলায় সেনাবাহিনীর ৯ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
রোববার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
তিনি জানান, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মোট ৯৯২টি সামরিক অভিযান চালানো হয়। এর মধ্যে ১৯টি বিমান হামলা, ২৯টি ড্রোন হামলা এবং হুথিদের অবস্থান, রসদ ও শক্তিবৃদ্ধি ইউনিট এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ৯৪৪টি আর্টিলারি ও রকেট হামলা ছিল।
সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে হুথিদের ৯৭টি সামরিক যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ২৬৭ জনের মধ্যে কতজন নিহত, আহত কিংবা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছেন, সে বিষয়ে আলাদা পরিসংখ্যান দেওয়া হয়নি।
কর্নেল আল-নুজাইলি আল-জওফ প্রদেশ এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে সেনাবাহিনীর অগ্রগতির কথাও উল্লেখ করেন। তবে কোন কোন এলাকা দখলে নেওয়া হয়েছে, তা জানাননি। মারিব ও তাইজ অঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
অভিযানে নিহত ৯ সেনা কর্মকর্তার মধ্যে দুজন ফিল্ড কমান্ডার ছিলেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র। মারিবে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে তাঁরা কখন বা কোথায় নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
আলাদা বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী মারিব ও লাহজে হুথিদের অবস্থান ও সামরিক যানবাহনে হামলার কথা জানিয়েছে। তবে এসব হামলায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।
এদিকে রোববার সৌদি-ইয়েমেন সামরিক জোট জানিয়েছে, তাদের সেনারা সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুথিদের একটি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার প্রচেষ্টার পর ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের বিভিন্ন এলাকা দখল করে নেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে।
এর ফলে দেশটিতে দীর্ঘস্থায়ী যুদ্ধ ও ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়। ২০২২ সাল থেকে তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় থাকলেও নতুন করে সংঘাত বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন উদ্ধৃত করে আনাদোলু জানিয়েছে, জুলাই থেকে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র সংঘাতে প্রায় ১০ হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন।
নতুন করে শুরু হওয়া লড়াইয়ে ইয়েমেনের মানবিক পরিস্থিতি ও বাস্তুচ্যুতি সংকট আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
Muktomon/TA