মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ (Hajj Conference & Exhibition)। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদশর্নীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হজ খাতের আধুনিকায়ন, স্মার্ট সমাধান ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
এদিকে আজ সোমবার (৯ই নভেম্বর) সৌদি আরবের সাথে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সম্পাদিত হওয়ার কথা রয়েছে। নিজ নিজ দেশের পক্ষে এই দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।
Muktomon/TA