ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের ৪ মাসের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানের দৃশ্য
ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানের দৃশ্য

মকবুল হোসেন : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত অবস্থায় মো. রাজ্জাক (৩২) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এ সময় মো. রাজ্জাককে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযানে সার্বিক সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক বিক্রি, সেবন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA