শিহাব উদ্দিন : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্ত সোহাগ গাজীকে যুবদল নেতা হিসেবে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গোপালগঞ্জ জেলা শাখা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা যুবদলের নেতারা দাবি করেন, সোহাগ গাজী জেলা, উপজেলা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ের কোনো যুবদল কমিটির সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি ব্যক্তিগতভাবেও তাঁকে চেনেন না বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক মো. রাসেকুজ্জামান পলাশ।
লিখিত বক্তব্যে তারা বলেন, কয়েক দিন আগে টুঙ্গিপাড়ার একটি ফাঁকা বাড়িতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় অভিযুক্ত সোহাগ গাজীকে পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
জেলা যুবদলের নেতারা বলেন, “সোহাগ গাজী যুবদলের কোনো পর্যায়ের কমিটির সঙ্গে সম্পৃক্ত নন। তাঁর সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।”
তারা আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিকে তারা ব্যক্তিগতভাবেও চেনেন না। ফলে কোনো ঘটনার সঙ্গে যুবদলের সাংগঠনিক পরিচয় জড়িয়ে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার আহ্বান জানান তারা।
এদিকে অভিযুক্ত সোহাগ গাজীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে জেলা যুবদল। একই সঙ্গে একটি মহল পরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। তবে এ দাবির পক্ষে সংবাদ সম্মেলনে কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠীর নাম বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে যুবদল নেতারা বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনের নাম কোনো অপরাধের ঘটনার সঙ্গে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির সাংগঠনিক পরিচয় ও তথ্য যথাযথভাবে যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Muktomon/TA