শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে বন্ধ শিপইয়ার্ড চালুর আশ্বাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ড পরিদর্শন করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ড পরিদর্শন করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মুক্তমন রিপোর্ট : শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করেই বন্ধ থাকা শিপইয়ার্ডগুলোর কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে পিএইচপি শিপইয়ার্ড ও কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী ইয়ার্ডগুলোর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা শ্রমিকদের নিরাপত্তায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পরে ইয়ার্ড দুটির কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

সম্প্রতি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহত হওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রায় অর্ধশত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বন্ধ প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন শ্রমমন্ত্রী।

শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দেশে এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো প্রয়োজন। শিল্পপ্রতিষ্ঠান যত বাড়বে, কর্মসংস্থানের সুযোগও তত সৃষ্টি হবে। তবে শিল্পের সম্প্রসারণের পাশাপাশি শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মো. মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA