লিমন আহমদ : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত এলাকার নাগরিকদের আধুনিক নগরসেবা নিশ্চিত করতে দক্ষিণ সুরমার ছয়টি ওয়ার্ডে ৪০৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৭৩ কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আরও ৬৩ কোটি টাকার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন এবং হোল্ডিং ট্যাক্স চালুর বিষয়ে এলাকাবাসীর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। কুচাই এলাকার একটি কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।
সিসিক প্রশাসক জানান, ছয়টি ওয়ার্ডে ১৩৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। এ ছাড়া আরও ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে। এসব প্রকল্পের আওতায় রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে।
নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর বাসিন্দাদের সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগে সিসিকের ওয়ার্ড ছিল ২৭টি। সম্প্রসারণের মাধ্যমে নতুন ১৫টি ওয়ার্ড যুক্ত হয়েছে। তবে সেই অনুপাতে করপোরেশনের নিজস্ব আয় বাড়েনি। অথচ নিজস্ব আয় থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা পরিচালনা করতে হয়।
এ কারণে নাগরিক সেবার পরিধি বাড়াতে নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহ্বান জানান তিনি।
সিসিকের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় সিসিকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিলেট প্রতিনিধি
Muktomon/TA