বুলবুল ইসলাম : সার্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা।
তিনি বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সুপরিকল্পিত নগরায়ণ ও সার্বজনীন বাসস্থানের কোনো বিকল্প নেই। নদীভাঙন ও দুর্যোগপ্রবণ কুড়িগ্রামে গৃহহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য টেকসই আবাসন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।
কৃষিজমি রক্ষা করে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে রাষ্ট্র ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করাকে টেকসই নগরায়ণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।
সভায় বক্তারা বলেন, অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়ন পরিকল্পনার বাইরে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়। নদীভাঙনকবলিত মানুষের আবাসন সংকট নিরসনে বিশেষ প্রকল্প গ্রহণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাসযোগ্য শহর গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম প্রতিনিধি
Muktomon/TA