ঢাকা-১৬ আসনে অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তা

অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মুক্তমন রিপোর্ট : ঢাকা-১৬ আসনের অসহায় ও দুস্থ পরিবারের পাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের সামর্থ্যবান সবার দায়িত্ব।

শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে নিজের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৬ আসনের আওতাধীন অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারের উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় ঢাকা-১৬ আসনের কয়েকটি অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সহায়তা গ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, সুশৃঙ্খলভাবে সহায়তা গ্রহণ করতে হবে। অসহায় মানুষের জন্য এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব সবার। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে অসহায় পরিবারগুলোর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতেও অসহায় মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA