হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার আসামি নুরুল ইসলাম মিয়া
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার আসামি নুরুল ইসলাম মিয়া

মুক্তমন রিপোর্ট : নোয়াখালীর সদর উপজেলায় দুই হত্যা মামলাসহ ১১টি মামলার আসামি মো. নুরুল ইসলাম মিয়া ওরফে মিয়া ডাকাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার নুরুল ইসলাম (৫৪) পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার মৃত এলাহি বক্সের ছেলে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুটি হত্যা মামলাসহ মোট ১১টি নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তিনি পাঁচটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, গ্রেপ্তার নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Muktomon/TA