আন্তর্জাতিক ডেস্ক : গত জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এবং সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগও আনা হয়েছিল।
রোববার (৮ নভেম্বর) ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ মৃত্যুদণ্ড কার্যকরের এ তথ্য জানিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হাসান দিওবন্দ, হামিদ কাজেমি ও রেজা জাংগানেহ।
ইরানের বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, গত জানুয়ারিতে কারাজের একটি বিদ্যুৎকেন্দ্র ও সরকারি ভবনে অস্ত্র, গ্রেনেড এবং মোলোটভ ককটেল ব্যবহার করে অগ্নিসংযোগ করেছিলেন ওই তিন ব্যক্তি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে আরও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগেও কয়েকজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়া গেছে।
এদিকে এসব মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ইরানি কর্তৃপক্ষকে মৃত্যুদণ্ড কার্যক্রম স্থগিত এবং শাস্তিটি সম্পূর্ণ বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন।
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে ইরান শীর্ষ দেশগুলোর একটি। সৌদি আরবও এ তালিকায় রয়েছে। তবে চীনে মৃত্যুদণ্ড কার্যকরের প্রকৃত সংখ্যা জানা কঠিন, কারণ দেশটি এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করে না।আন্দোলন দমনে সরকারি বাহিনীর অভিযানে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে ইরান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সূত্র : ফার্স নিউজ
Muktomon/TA