মুক্তমন রিপোর্ট : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাঁপাইর ইউনিয়নের কয়েকটি এলাকায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার চাঁপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েল বাজার ও গন্ধেকচালা এলাকায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেশ কয়েকটি শিয়াল দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন বসতবাড়িতে ঢুকে পড়ছে। মানুষ ছাড়াও গরু, মহিষ ও ছাগলকে কামড়ে আহত করার অভিযোগ রয়েছে। শিয়ালগুলো নিয়মিত এলাকায় বিচরণ করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
আহতদের মধ্যে দ্বীন ইসলাম (১২), মফিজ মাস্টার (৪০), শারমিন (৩৫), আলমাস (৩৮), আলী হোসেন (৩৫), মিম (৫) ও হরিদাসী (৬০) রয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, গত দুই দিন ধরে চাঁপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েল বাজার ও গন্ধেকচালা এলাকায় শিয়ালের কামড়ে প্রায় ২০ জন আহত হয়েছেন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
চাঁপাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. সবুর মিয়া শিয়ালের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত শিয়ালগুলো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।