কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের প্রশংসা শামা ওবায়েদের

রিমার্ক-হারল্যানের কসমেটিকস পণ্য দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
রিমার্ক-হারল্যানের কসমেটিকস পণ্য দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

রাজধানীতে শুরু হওয়া আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ পরিদর্শনকালে দেশের কসমেটিকস ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি। এ সময় বাংলাদেশে উৎপাদিত প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল-৪-এ তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা ২০২৬-এর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে রিমার্ক-হারল্যান গ্রুপ। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিমার্কের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা সম্পর্কে অবহিত হন।

রিমার্কের প্যাভিলিয়নের উপস্থাপনা, পণ্যের বৈচিত্র্য ও আধুনিক উৎপাদন সক্ষমতা দেখে আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), প্যাকেজিং, প্রিন্টিং, কাঁচামালের ব্যবহার, গুণগত মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

প্যাভিলিয়ন পরিদর্শন শেষে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে কসমেটিকস উৎপাদনের সক্ষমতা বাড়ছে। রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস খাতে আমদানিনির্ভর দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশে আন্তর্জাতিক মানের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরি হচ্ছে। স্থানীয় শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি বাজার সম্প্রসারণ করা গেলে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস, হারল্যান স্টোরের হেড অব মার্কেটিং মো. হাবিবুল্লাহ হাবিব, রিমার্ক-হারল্যানের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস বলেন, বাংলাদেশের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্প গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ শিল্পকে শুধু দেশীয় বাজারনির্ভর না রেখে আন্তর্জাতিক মানের উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, কসমেটিকা ঢাকা ২০২৬ দেশের কসমেটিকস শিল্পের সঙ্গে আন্তর্জাতিক ব্যবসায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সম্ভাব্য অংশীদারদের যোগাযোগের সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজন বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে সহায়ক হবে।

রিমার্ক-হারল্যান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের কসমেটিকস খাতে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) সার্টিফিকেশন অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম cGMP, ISO ও Halal মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য দেশের বাজারের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হচ্ছে। ভারতের উত্তর প্রদেশ ও বিহারেও লিলি, নিওর ও সিওডিলসহ কয়েকটি ব্র্যান্ডের পণ্য বাজারজাত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

আয়োজকদের মতে, কসমেটিকা ঢাকা ২০২৬ শুধু পণ্য প্রদর্শনের আয়োজন নয়; বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পের জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, জ্ঞান বিনিময়, প্রযুক্তি পরিচিতি ও শিল্পসংযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।