ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান।
ময়মনসিংহ জেলা পুলিশের কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান।

মকবুল হোসেন : ময়মনসিংহ জেলা পুলিশের অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভা এবং সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান, সদস্যদের কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— শ্রেষ্ঠ সার্কেল অফিসার গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন, শ্রেষ্ঠ এসআই ভালুকা মডেল থানার এসআই মো. মোশারফ হোসেন, শ্রেষ্ঠ এএসআই একই থানার এএসআই মো. সালাউদ্দিন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার এসআই মো. মহসীন মোস্তফা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. রফিকুল ইসলাম এবং সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা ত্রিশাল ট্রাফিকের টিএসআই মো. রাশেদুল ইসলাম।

কল্যাণ সভায় অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গমনকারী পাঁচজন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

এ ছাড়া আগের সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও আবেদনের পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। চলতি মাসে পাওয়া আবেদনগুলো বিবেচনায় নিয়ে সদস্যদের কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কল্যাণ সভা শেষে দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, তদন্তাধীন ও মূলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলার সব সার্কেল কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপার।

দুটি সভায় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

Muktomon/TA