মুক্তমন রিপোর্ট : জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
সোমবার তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট সড়কে আন্দোলনে অংশ নেন। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। পরে চিকিৎসা শেষে এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।
Muktomon/TA