গিয়াস রনি : নোয়াখালীর সেনবাগে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর মো. মারুফ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশে একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান মারুফ। এর আগে তিনি নিজের মোবাইল ফোনটি ভেঙে ফেলেন এবং জামাকাপড় একটি ট্রাভেল ব্যাগে নিয়ে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।
বুধবার রাতে স্থানীয়রা বাড়ির পাশের ধানখেতসংলগ্ন পুকুরপাড়ে মারুফের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের কাছ থেকে তাঁর ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতাও উদ্ধার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
নোয়াখালী প্রতিনিধি
Muktomon/TA