বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের

 বাংলাদেশে জাপানের প্রস্তাবিত ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে প্রতিবেদন।
বাংলাদেশে জাপানের প্রস্তাবিত ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে প্রতিবেদন।

মুক্তমন রিপোর্ট : আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। অটোমোবাইল, উৎপাদনশিল্প ও জ্বালানি খাতে এ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কথা রয়েছে। সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। বৈঠক শেষে প্রকাশিত হতে পারে এমন একটি যৌথ ঘোষণায় প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি উল্লেখ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মোটরযান ও অন্যান্য উৎপাদনশিল্প এবং বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি অবকাঠামো নির্মাণ। এর মাধ্যমে বাংলাদেশে শিল্প উৎপাদন বাড়ানো এবং উৎপাদন খাতের বৈচিত্র্য বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।

এ উদ্যোগের আওতায় কয়েকটি জাপানি প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে। জাপানের ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ একাধিক পক্ষের যৌথ উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে এসব প্রতিষ্ঠানের যুক্ত হওয়ার পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নে জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে।

প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, নতুন শিল্প স্থাপন এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তবে বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

সূত্র : বাসস

Muktomon/TA