ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য

মুক্তমন রিপোর্টার : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত ও মাদক মামলার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১০ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ পিস ইয়াবা ও ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছয়জনের মধ্যে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলার পলাতক আসামি গাজী মো. শাহিন ওরফে শাহীন (৩০)কে গ্রেপ্তার করা হয়। একই সময়ে এসআই ডি.এম.এ মজিদের নেতৃত্বে বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি মো. এনামুল হক (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

অন্য একটি অভিযানে উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকায় ১০ বোতল ভারতীয় হুইস্কিসহ কাজী সারোয়ার (২৮) ও মো. মাহফুজ মিয়া (৩৬)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ৪ সেপ্টেম্বর রাতে রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এর আগে ৩ সেপ্টেম্বর মাধবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. সজিব মিয়া (২২)কে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।