কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া এক ভারতীয় নাগরিক বিজিবির হেফাজতে রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল ইসলাম জামালপুর গ্রামের সাহাবাজ ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকালে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান সাহাজুল। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়েছে।
এতে সাহাজুলের পা ও শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।
ঘটনার প্রতিবাদে সীমান্তবর্তী মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকেরা এক ভারতীয় নাগরিককে ধরে বিজিবির কাছে নিয়ে যান। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে প্রতিবাদ জানান। বর্তমানে সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, নদীতে এক ভারতীয় নাগরিকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে সাহাজুল আহত হওয়ার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও জানান, বিএসএফের গুলিবর্ষণ ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বানও জানানো হয়েছে।
Muktomon/TA