চীনের সামুদ্রিক কর্মকাণ্ড নিয়ে তাইওয়ানের উদ্বেগ

সমুদ্রপথে চীনের সামরিক ও কৌশলগত তৎপরতা নিয়ে তাইওয়ানের উদ্বেগ।
সমুদ্রপথে চীনের সামরিক ও কৌশলগত তৎপরতা নিয়ে তাইওয়ানের উদ্বেগ।

মুক্তমন রিপোর্ট : সমুদ্রপথে সামরিক সংঘাত ছাড়াই অন্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর চাপ সৃষ্টি করছে চীন—এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে তাইওয়ান। চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক তৎপরতা মোকাবিলায় যুক্তরাজ্যসহ সমমনা দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে তাইপেই প্রতিনিধি কার্যালয়ের রাষ্ট্রদূত ভিনসেন্ট চিন-হসিয়াং ইয়াও।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, চীনের তথাকথিত ‘গ্রে-জোন’ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, সমুদ্রপথের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

নিবন্ধে ইয়াও রাশিয়ার গবেষণা জাহাজের ব্রিটিশ জলসীমায় প্রবেশ, বাল্টিক সাগরে ফাইবার-অপটিক ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়া এবং তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়ার উদাহরণ তুলে ধরেন। তাঁর অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরাসরি যুদ্ধ ছাড়াই কৌশলগত চাপ সৃষ্টি করছে বেইজিং।

তাইওয়ানের পূর্বদিকে চীনা জাহাজের উপস্থিতি বৃদ্ধি এবং বাণিজ্যিক জাহাজ তল্লাশির মতো কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ জানান তিনি। তাঁর আশঙ্কা, পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নিলে তা বিশ্ব অর্থনীতি ও সেমিকন্ডাক্টর সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এ পরিস্থিতিতে সমুদ্রপথে গোয়েন্দা তথ্য বিনিময়, গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা জোরদার এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সমমনা দেশগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন ইয়াও।

সূত্র : দ্য টেলিগ্রাফ

Muktomon/TA