মুক্তমন রিপোর্ট : অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে অভিযান শেষ করে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২ নভেম্বর) এক সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সেনারা এলাকা ছেড়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।
গত ২৩ অক্টোবর হেবরনের কাছে একটি সেনা চেকপয়েন্টে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন। এর পরদিন হামলাকারীদের বসবাসের এলাকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। স্থানীয় পৌরসভার তথ্য অনুযায়ী, অভিযানের কারণে তিন হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।
ইসরায়েলি সামরিক কর্মকর্তার দাবি, অভিযানে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় চারটি অস্ত্র, সামরিক ভেস্ট ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি হামলাকারীদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তবে বাড়িতে ফিরে আসা এক স্থানীয় বাসিন্দা মুহান্নাদ আল-তামিমি এএফপিকে জানান, তাঁর অ্যাপার্টমেন্টের আসবাবপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।
Muktomon/TA