ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, নাবিক নিহত

ওমান উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত ভারতের পতাকাবাহী কার্গো জাহাজ।
ওমান উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত ভারতের পতাকাবাহী কার্গো জাহাজ।

মুক্তমন রিপোর্ট : ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ‘এমএসভি আল জুসুফি’ নামের জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ওমানের উপকূলরক্ষী বাহিনী তাঁদের মধ্যে ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুরুতর আহত হয়ে প্রাণ হারিয়েছেন গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধার নাহিম আজিজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে সোনোয়াল নাবিকের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে বাণিজ্যিক জাহাজ চলাচল খাতে সর্বোচ্চ সংখ্যক নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে সক্রিয় নাবিকের সংখ্যা ৩ লাখ ২০ হাজারের বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে আসছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ও অবাধে জাহাজ চলাচল নিশ্চিত করারও দাবি জানিয়েছে দেশটি।

সূত্র : এনডিটিভি

Muktomon/TA