হরমুজে জাহাজডুবির পর সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

হরমুজ প্রণালিতে জাহাজডুবির পর সাগরে ভাসছে আইফোন ও দামি পারফিউম, সেগুলো সংগ্রহ করছেন ছোট নৌকার আরোহীরা।
হরমুজ প্রণালিতে জাহাজডুবির পর সাগরে ভাসছে আইফোন ও দামি পারফিউম, সেগুলো সংগ্রহ করছেন ছোট নৌকার আরোহীরা।

মুক্তমন রিপোর্ট : হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভাসতে দেখা গেছে দামি পারফিউম ও আইফোন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ছোট নৌকা নিয়ে কিছু মানুষ জাহাজটির কাছে গিয়ে ভেসে থাকা পণ্য সংগ্রহ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাগরের পানিতে দামি পারফিউমের বোতল ও প্যাকেটের পাশাপাশি আইফোন ছড়িয়ে থাকতে দেখা গেছে। এসব পণ্য সংগ্রহ করে পরে বিক্রি করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘জিএফ প্রাইড’ নামের জাহাজটি বুধবার (১৪ অক্টোবর) ডুবে যায়। এর আগে জাহাজটি একটি মাইনের সঙ্গে ধাক্কা খেয়েছিল বলে দাবি করা হয়েছে। জাহাজটিতে থাকা ২১ জন ক্রুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়। এ ঘটনায় কোনো ক্রু হতাহত না হলেও জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

জাহাজডুবির কারণ নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, জাহাজটি অনুমোদনহীন রুটে চলাচলের সময় মাইনের সঙ্গে ধাক্কা খায়। তবে নৌ কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে অজ্ঞাত কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

এর আগে হরমুজ প্রণালিতে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীটি অভিযোগ করেছিল, সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার করছে।

এদিকে হরমুজ প্রণালিতে অ্যান্টিগা ও বার্বুডার পতাকাবাহী আরেকটি জাহাজও ডুবে যাওয়ার খবর দিয়েছে প্রতিবেদনটি। গত ২৩ সেপ্টেম্বর জাহাজটি হামলার শিকার হয়। ওই ঘটনায় একজন ক্রু নিহত হন এবং অন্যদের উদ্ধার করা হয়।

Muktomon/TA