আইসিজি গ্লোবাল মিডিয়া গ্রুপ ও সার্ক জার্নালিস্ট ফোরামের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

আইসিজি গ্লোবাল মিডিয়া গ্রুপ ও সার্ক জার্নালিস্ট ফোরামের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউইয়র্ক/বেলগ্রেড, ৩১ জুলাই ২০২৬: আন্তর্জাতিক সাংবাদিক সহযোগিতা জোরদার, সংবাদমাধ্যমের স্বাধীনতা উন্নীতকরণ এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের জন্য পেশাগত সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আইসিজি গ্লোবাল মিডিয়া গ্রুপ এলএলসি এবং সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)-এর মধ্যে তিন বছর মেয়াদি একটি কৌশলগত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের অন্যতম পেশাদার সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরাম এবং ইন্টারকন্টিনেন্টাল কানেকশন অব জার্নালিস্টস (ICJ)-এর পরিচালনাকারী প্রতিষ্ঠান আইসিজি গ্লোবাল মিডিয়া গ্রুপ এলএলসি-এর মধ্যে এই সমঝোতা আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সংযোগ বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

সমঝোতা স্মারকে নিউইয়র্কে সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক সভাপতি রাজু লামা এবং সার্বিয়ার বেলগ্রেডে আইসিজি গ্লোবাল মিডিয়া গ্রুপ এলএলসি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাশা দোব্রিয়েভিচ স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান স্বাধীন সাংবাদিকতার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃশ্যমান করে তুলতে যৌথভাবে কাজ করবে। এই অংশীদারিত্ব পারস্পরিক সম্মান, পেশাগত নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।

একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা, দায়িত্বশীল সাংবাদিকতার প্রসার এবং সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে এ সমঝোতায়।

চুক্তির আওতায় সার্ক জার্নালিস্ট ফোরাম আইসিজির ICJ Friends প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে যুক্ত হবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠান নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মে একে অপরের অফিসিয়াল লোগো ও ওয়েবসাইটের লিংক প্রদর্শন করবে।

এ ছাড়া আইসিজি প্ল্যাটফর্মে সার্ক জার্নালিস্ট ফোরামের জন্য একটি আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রোফাইল তৈরি করা হবে, যেখানে সংগঠনটির কার্যক্রম, অর্জন, পেশাগত উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতামূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে।

এই সমঝোতার মাধ্যমে এসজেএফ-সংশ্লিষ্ট সাংবাদিকদের আইসিজির সদস্য হতে উৎসাহিত করা হবে। সদস্যরা আন্তর্জাতিক সংবাদমাধ্যম নেটওয়ার্কে যুক্ত হওয়া, পেশাগত প্রশিক্ষণ গ্রহণ, বিভিন্ন প্রকাশনায় অংশগ্রহণ, আন্তর্জাতিক প্রেস পরিচয়পত্র (প্রেস ক্রেডেনশিয়ালস) অর্জন, বৈশ্বিক মিডিয়া প্যানেলে অংশ নেওয়া এবং আইসিজির বিভিন্ন পুরস্কারের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন।

এ ছাড়া প্রিমিয়াম সদস্যরা আইসিজি মার্কেটপ্লেসের মাধ্যমে অনুসন্ধানী ও এক্সক্লুসিভ সংবাদ বা প্রতিবেদন আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশ ও বিতরণের সুবিধাও পাবেন।

সমঝোতা স্মারকে যৌথ প্রকল্প বাস্তবায়ন, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, অনলাইন মতবিনিময় এবং দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক পর্যায়ে গণমাধ্যমের সংহতি জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এতে স্পষ্ট করা হয়েছে যে, এই সমঝোতা পারস্পরিক সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে সম্পাদিত হয়েছে এবং এর মাধ্যমে কোনো আর্থিক বা বাণিজ্যিক বাধ্যবাধকতা সৃষ্টি হবে না।

চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এটি নবায়ন করা যাবে। এছাড়া যেকোনো পক্ষ ৬০ দিনের লিখিত নোটিশের মাধ্যমে সমঝোতা বাতিল করতে পারবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা আন্তর্জাতিক গণমাধ্যম সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে সার্ক অঞ্চলের সাংবাদিকদের বৈশ্বিক সাংবাদিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার অভিন্ন মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।