নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৭ সালের হজের সরকারি প্যাকেজ মঙ্গলবার (২১ জুলাই) ঘোষণা করা হবে। এদিন বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে হজ প্যাকেজ ঘোষণা করবেন ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার (২০ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের জন্য অনুসরণযোগ্য একটি নির্দেশনামূলক প্যাকেজও প্রকাশ করা হবে।
এদিকে আগামী হজ মৌসুমে বিমান ভাড়ায় বড় ধরনের ছাড় পাচ্ছেন হজযাত্রীরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের তুলনায় বিমান ভাড়া প্রায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।
তবে বিমান ভাড়া কমলেও সামগ্রিক হজ ব্যয়ে উল্লেখযোগ্য স্বস্তি মিলছে না। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবে আবাসন সংক্রান্ত নতুন নীতিমালা, ব্যাকআপ আবাসনের পরিমাণ বৃদ্ধি, রিয়ালের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে বাধ্যতামূলক ক্যাটারিং সেবা গ্রহণের কারণে হজের সার্বিক ব্যয় বাড়ছে।
এ কারণে বিমান ভাড়া কমলেও মোট হজ ব্যয় আগের তুলনায় খুব বেশি কমানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ চালু ছিল। তবে আগামী হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ রাখা হচ্ছে।
এদিকে সরকারি হজ প্যাকেজ ঘোষণার পরদিন বুধবার (২২ জুলাই) হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য পৃথক হজ প্যাকেজ ঘোষণা করবে।