স্টাফ করেসপন্ডেন্ট: বর্তমান আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ জুলাই) রাতে রাজধানীতে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সরকার নির্বাচন এবং দলীয় মনোনয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, “বর্তমান আইনে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই। তাই বিষয়টি নিয়ে এখন আলোচনা না করলেও চলে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক আলোচনা ও মতৈক্যের ভিত্তিতেই নেওয়া হবে।
এর আগে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসের কার্যক্রম এবং রাষ্ট্র সংস্কারে ঘোষিত ‘৩১ দফা’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের বিষয়েও কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল, নেতা-কর্মী ও বিভিন্ন পর্যায়ের মানুষের অবদান জাতি স্মরণ রাখবে। একই সঙ্গে আগামী দিনগুলোতে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।