বেবিচক

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্ট চুক্তিসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে সীমিত পরিসরে টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু হতে পারে।

সোমবার (২০ জুলাই) বিকেলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্প বাস্তবায়নে নেওয়া ঋণের কিস্তি পরিশোধও ইতোমধ্যে শুরু হয়েছে। এ কারণে সরকার আগামী ডিসেম্বর থেকেই টার্মিনালটি চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তবে তিনি জানান, টার্মিনাল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জাপানি কোম্পানিগুলোর কনসোর্টিয়ামের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। বিষয়টি নিয়ে সরকারের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হলেও সমঝোতা চূড়ান্ত হয়নি।

বেবিচক চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, আগামী আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরিচালনাসংক্রান্ত চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তি দ্রুত সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বর থেকে থার্ড টার্মিনালের কিছু অংশ সীমিত পরিসরে চালু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পূর্ণাঙ্গভাবে টার্মিনাল চালুর আগে পরিচালনাগত প্রস্তুতি, প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরই থার্ড টার্মিনাল পুরোপুরি যাত্রীসেবায় যুক্ত হবে।