প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের দায়িত্বশীলতা ও রোগীবান্ধব আচরণ নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্বাস্থ্যখাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। এটি ছিল প্রধানমন্ত্রীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক পর্যালোচনা সভা।

বৈঠকের শুরুতে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতে কী কী অগ্রগতি হয়েছে, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তারা জানান, দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার কারণে স্বাস্থ্যখাতের বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরি হলেও বর্তমান সরকার তা কাটিয়ে উঠতে ধারাবাহিকভাবে কাজ করছে।

সভায় উপজেলা পর্যায়ে চিকিৎসক উপস্থিত থাকলেও অনেক ক্ষেত্রে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পান না—এমন অভিযোগের বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে প্রধানমন্ত্রী দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, গ্রামের মানুষের জন্য সরকারি হাসপাতালকে আস্থার জায়গায় পরিণত করতে হবে। চিকিৎসা, ওষুধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষ পেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

কিডনি রোগীদের চিকিৎসা সুবিধা সম্প্রসারণেও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জেলা পর্যায়ে বর্তমানে যেসব ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং আধুনিক যন্ত্রপাতি ও অন্যান্য লজিস্টিক সহায়তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার চলমান উদ্যোগ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা, নকশা ও বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে উপস্থাপনা করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।