উৎসে কর মনিটরিংয়ে ব্যবসায়ীদের অহেতুক হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বারের

উৎসে কর মনিটরিংয়ে ব্যবসায়ীদের অহেতুক হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বারের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উৎসে কর কর্তন, জমা, মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে এ কার্যক্রম বাস্তবায়নের সময় আইন মেনে চলা ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়ে এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এক বিবৃতিতে ডিসিসিআই জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারার আওতায় এনবিআরের উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করজাল সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে জানায়, কর ব্যবস্থাপনায় ইতোমধ্যে কমপ্লায়েন্স নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলোকে যেন অপ্রয়োজনীয় হয়রানির মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।

একই সঙ্গে যেসব ব্যবসা প্রতিষ্ঠান এখনো পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারেনি, তাদের জন্য যুক্তিসঙ্গত সময় ও প্রয়োজনীয় সুযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।

ডিসিসিআই আরও বলেছে, সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন এবং করজাল সম্প্রসারণে রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি। এতে ব্যবসায়ীদের প্রশাসনিক জটিলতা ও অনাকাঙ্ক্ষিত ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

সংগঠনটির মতে, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ—উভয় লক্ষ্যই একসঙ্গে অর্জন করা সম্ভব। এজন্য জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখা এবং কর ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের আরও শৃঙ্খলাবদ্ধ করতে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।