আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।

জন্মদিন উপলক্ষে আজ আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া তার স্মরণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান কোকো ছিলেন শান্ত, সাধারণ ও অনেকটা অন্তর্মুখী স্বভাবের। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় তিনি সবসময় আলোচনায় থাকলেও নিজেকে প্রচারের আড়ালেই রাখতে পছন্দ করতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার সম্পৃক্ততা ও অবদান ছিল উল্লেখযোগ্য।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন কোকো। এ সময় দেশের ক্রিকেটের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান এখনো স্মরণ করেন সংশ্লিষ্টরা।

আরাফাত রহমান কোকো ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই। তার মৃত্যুর পর প্রতি বছর জন্মদিনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করে আসছেন।

এদিন সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকবৃন্দ, সাবেক ক্রিকেটার ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে সেখানে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। পরে বিএনপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।