মুক্তমন রিপোর্ট: রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। চলমান ট্রান্সফার উইন্ডোতে তার ভবিষ্যৎ নিয়ে খোঁজখবর নিচ্ছে স্পেনের তিনটি ক্লাব।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, রিয়াল সোসিয়েদাদ, রিয়াল বেতিস ও ভিয়ারিয়াল এন্দ্রিককে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে সোসিয়েদাদ ধারে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চায়।
দ্রুত গতি, আক্রমণভাগে দক্ষতা এবং রক্ষণ ভাঙার সক্ষমতার কারণে এন্দ্রিককে পছন্দ সোসিয়েদাদের। এর আগে একবার তাকে ধারে নেওয়ার খুব কাছাকাছি গিয়েছিল ক্লাবটি, তবে ইনজুরির কারণে শেষ পর্যন্ত সেই চুক্তি হয়নি।
এদিকে রিয়াল মাদ্রিদে নতুন খেলোয়াড় যোগ দেওয়ায় এন্দ্রিকের নিয়মিত একাদশে জায়গা পাওয়া কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিজের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে ইউরোপীয় প্রতিযোগিতায় বেশি সময় খেলতে চান এই ব্রাজিলিয়ান তারকা।
রিয়াল সোসিয়েদাদ ছাড়াও রিয়াল বেতিস ও ভিয়ারিয়াল আগামী মৌসুমের জন্য এন্দ্রিকের বিষয়ে আগ্রহী। তিন ক্লাবই ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ৪০ ম্যাচে ৭ গোল করেছেন এন্দ্রিক। গত মৌসুমের দ্বিতীয় ভাগে ফরাসি ক্লাব লিওঁতে ধারে খেলে ২১ ম্যাচে করেছেন ৮ গোল।