মুক্তমন রিপোর্ট: ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি জানানো হয়। এর মধ্য দিয়ে ভিনিসিয়ুসকে ঘিরে চলা আর্সেনালে যাওয়ার গুঞ্জনেরও অবসান হলো।
গত কয়েক মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন ভিনিসিয়ুস। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২৮টি গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০০টি গোল।
আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভিনিসিয়ুসকে বিনা ট্রান্সফার ফিতে হারানোর ঝুঁকি নিতে চায়নি রিয়াল। তাই আগেভাগেই এই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি।
সম্প্রতি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আন্তর্জাতিক দায়িত্ব শেষে নতুন মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন তিনি।
এদিকে একই দিনে রিয়াল মাদ্রিদ আরও একটি বড় চুক্তি সম্পন্ন করেছে। জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে প্রায় ১৪০ মিলিয়ন ইউরোর ক্লাব-রেকর্ড ট্রান্সফার ফিতে দলে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি।