কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট

কুমিল্লার আমতলী এলাকায় খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
কুমিল্লার আমতলী এলাকায় খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

মুক্তমন রিপোর্ট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাস সংলগ্ন আমতলী এলাকায় খানাখন্দ ও সংস্কারকাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সামান্য বৃষ্টিতেই বিকল্প লেনে বড় বড় গর্ত ও পানি জমে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে আমতলীকে কেন্দ্র করে আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে শত শত যানবাহন। পরে বিকেলের দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানায়, আমতলীর প্রায় আধা কিলোমিটার অংশে গত তিন মাস ধরে সংস্কারকাজ চলছে। মহাসড়কের এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করানো হচ্ছে। তবে বৃষ্টিতে বিকল্প লেন ক্ষতিগ্রস্ত হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করছে। গত দুই দিনে অন্তত চারটি মালবাহী ট্রাক গর্তে আটকে পড়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার জানানো হয়েছে। তবে এখনো স্থায়ীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে সংস্কারকাজ করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় সংস্কারকাজ শুরু করা হবে।

মহাসড়কের এমন বেহাল অবস্থায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। দ্রুত সংস্কার শেষ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।