দুই রাউন্ড রাইফেলের গুলিসহ যুবক আটক

খুলনায় দুই রাউন্ড রাইফেলের গুলিসহ আটক যুবক
খুলনায় দুই রাউন্ড রাইফেলের গুলিসহ আটক যুবক

মুক্তমন রিপোর্ট: খুলনা মেট্রোপলিটন এলাকার খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড রাইফেলের গুলিসহ মো. জাফর (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে চেকপোস্টে নিয়মিত দায়িত্ব পালনের সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, পথের বাজার পুলিশ ক্যাম্পের এসআই অয়ন তীর্থ পাইকের নেতৃত্বে এএসআই সিকদার মাসুম পারভেজ, এএসআই নিরু বিশ্বাস ও কনস্টেবল অতনু দাস চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় পায়ে হেঁটে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করলে জাফরের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে থামিয়ে হাতে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ব্যাগ থেকে দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

আটক জাফর বরগুনা সদর থানার চালিতাতলি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পরে উদ্ধার করা গুলিসহ জাফরকে খানজাহান আলী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।