ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, পরিবার জানাল সর্বশেষ শারীরিক অবস্থা

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, পরিবার জানাল সর্বশেষ শারীরিক অবস্থা

মুক্তমন রিপোর্ট : চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবর সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তাঁর পরিবার। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা ভালো আছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (২৬ আগস্ট) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যায় ইলিয়াস কাঞ্চনের সিটি স্ক্যান ও এমআরআই করার কথা রয়েছে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা তাঁর পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন।

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা ও দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা মৃত্যুর গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, ‘সবার আগে সংবাদ’ দেওয়ার প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। কোনো সংবাদ দ্রুত প্রকাশের চেয়ে সেটি সত্য কি না, তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।

সংগঠনটির নেতারা বলেন, মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো তথ্য প্রকাশের আগে পরিবার, নিকটজন অথবা নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা জরুরি। যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য ছড়ানো অনৈতিক ও ক্ষতিকর।

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব কোথা থেকে ছড়িয়েছে, তা শনাক্ত করে তদন্তের দাবি জানিয়েছে নিসচা। একই সঙ্গে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

দেশবাসী ও ইলিয়াস কাঞ্চনের শুভানুধ্যায়ীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে নিসচা।

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা

ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে মস্তিষ্কের ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। গত বছরের এপ্রিল থেকে তিনি লন্ডনে চিকিৎসাধীন। গত বছরের আগস্টে লন্ডনে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি।

এরপর বিভিন্ন ধাপে কেমোথেরাপি ও ওরালথেরাপি নিয়েছেন তিনি। সম্প্রতি ১০ দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন এই অভিনেতা। এ সময় পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিসচার একটি অনুষ্ঠানেও অংশ নেন।

পরিবার জানিয়েছে, তাঁর কেমোথেরাপির ধাপ শেষ হয়েছে। পরবর্তী চিকিৎসার অংশ হিসেবেই তিনি আবার লন্ডনে ফিরেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ইলিয়াস কাঞ্চন জীবিত এবং লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মৃত্যুর খবরটি গুজব।