নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরতে পারে জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’। প্রায় ৯ বছর পর সিরিজটির ষষ্ঠ কিস্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন—আইকনিক ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে আবারও কি দেখা যাবে জনি ডেপকে?
২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে জ্যাক স্প্যারো চরিত্রে প্রথমবার পর্দায় হাজির হন জনি ডেপ। এরপর চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় ও আলোচিত ভূমিকায় পরিণত হয়।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ কিস্তি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জটিলতা ছিল। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম প্রধান মুখ জনি ডেপকে ফিরিয়ে আনা হবে কি না, সেটিই ছিল সবচেয়ে বড় প্রশ্ন।
২০১৮ সালে ডেপের ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যাওয়ার গুঞ্জন জোরালো হয়। সে সময় সিরিজটির অন্যতম চিত্রনাট্যকার স্টুয়ার্ট বিটি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিতে ডেপের অধ্যায় হয়তো শেষ হয়ে গেছে।
একই সময়ে ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড একটি নিবন্ধে গৃহ নির্যাতনের অভিযোগ তোলেন। যদিও নিবন্ধে ডেপের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, পরে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এরই ধারাবাহিকতায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ষষ্ঠ কিস্তি থেকে ডিজনি ডেপকে বাদ দিয়েছে—এমন খবরও ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেন জনি ডেপ। মামলার শুনানিতে তিনি অভিযোগ করেন, ডিজনির সিদ্ধান্ত তার ক্যারিয়ারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছিল।
সে সময় ডেপ ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আর কখনো ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে চান না। কিন্তু কয়েক বছর পর পরিস্থিতি বদলানোর ইঙ্গিত মিলছে।
জনি ডেপের প্রত্যাবর্তনের সম্ভাবনা এবার জোরালো করেছেন সিরিজটির প্রযোজক জেরি ব্রুকহেইমার। ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নতুন সিনেমা নিয়ে ডেপের সঙ্গে আলোচনা চলছে।
ব্রুকহেইমারের ভাষায়, তারা জনি ডেপের সঙ্গে কথা বলছেন। একই সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজও এগিয়ে চলছে এবং তারা এটি সফলভাবে শেষ করতে আশাবাদী।
তবে এখনো জনি ডেপ আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ কিস্তিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরছেন—এমন চূড়ান্ত ঘোষণা আসেনি।
২০০৩ সালে মুক্তির পর ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পায়। ডিজনির থিম পার্ক রাইড থেকে অনুপ্রাণিত এই সিনেমার সাফল্যের অন্যতম বড় কারণ হয়ে ওঠে ডেপের অভিনীত জ্যাক স্প্যারো চরিত্র।
২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে সিরিজটির আরও চারটি কিস্তি মুক্তি পায়। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বব্যাপী প্রায় ৪৫০ কোটি ডলারের ব্যবসা করে।
সিরিজের সর্বশেষ সিনেমা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ মুক্তি পায় ২০১৭ সালে এবং বিশ্বব্যাপী প্রায় ৮০ কোটি ডলার আয় করে।
এখন প্রশ্ন একটাই—নয় বছর পর যখন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নতুন অভিযানে ফিরতে প্রস্তুত, তখন সেই অভিযানের নেতৃত্বে কি আবারও দেখা যাবে জনি ডেপের জনপ্রিয় ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে? প্রযোজকের সাম্প্রতিক বক্তব্য অন্তত সেই সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।