সরকারি চাকরি জনগণের সেবা করার সুযোগ

সচিবালয়ে পদোন্নতিপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
সচিবালয়ে পদোন্নতিপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মুক্তমন প্রতিবেদক : সরকারি চাকরি শুধু একটি পেশা নয়, বরং জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, একজন কর্মকর্তা কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারি প্রতিষ্ঠান শক্তিশালী হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আয়োজনে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একটি মন্ত্রণালয়ের সফলতা শুধু মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নির্ভর করে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলেই একটি মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালিত হতে পারে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর অবদান গুরুত্বপূর্ণ। দায়িত্ব ছোট বা বড়—যে পর্যায়েরই হোক, প্রত্যেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করলে সামগ্রিক কার্যক্রমে তার অবদান থাকে। তাই প্রত্যেকের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

পদোন্নতির সঙ্গে দায়িত্বও বাড়ে

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, পদোন্নতি কর্মকর্তাদের জন্য যেমন আনন্দ ও গৌরবের বিষয়, তেমনি এর সঙ্গে দায়িত্বও বেড়ে যায়।

নতুন পদে কর্মকর্তাদের আরও বেশি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। জনগণের প্রত্যাশা পূরণে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অভিজ্ঞতা অনুপ্রেরণা

দীর্ঘ কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের কর্মনিষ্ঠা ও অবদানের জন্য ধন্যবাদ জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় তিনি তাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং পদোন্নতিপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।