মুক্তমন প্রতিবেদক : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের সাফল্যের ধারাবাহিকতায় এবার ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে (BISFF) পুরস্কৃত হলো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। উৎসবের ১৬তম আসরে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটি।
চলচ্চিত্রটির প্রযোজক তানভীর হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান। সেখানে তিনি আনন্দ প্রকাশ করে ‘এশিয়ান আই প্রতিযোগিতা’ বিভাগে ‘আলী’র বিজয়ের খবর নিশ্চিত করেন।
একই পোস্টে উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্য হরিশ মাল্যা, রজত গোস্বামী ও সেন্থিল কুমারসহ ‘আলী’ সিনেমার পুরো টিম এবং তাদের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রযোজক তানভীর হোসেন। নির্মাতা আদনান আল রাজীবকেও পোস্টটির মন্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
‘আলী’ সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের এক কিশোর। সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে সংগীতের জগতে নিজের পরিচয় তৈরি করতে চায় সে।
ব্যক্তিস্বাধীনতা, স্বপ্ন ও প্রচলিত সামাজিক রীতির বিরুদ্ধে দাঁড়ানোর গল্পকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন।
‘আলী’র আন্তর্জাতিক সাফল্য অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে চলচ্চিত্রটি।
এরপর ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণের জন্য নতুন এক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে একের পর এক স্বীকৃতি পাওয়া ‘আলী’ বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে বিশ্বদর্শকের সামনে আরও পরিচিত করে তুলছে।