মুক্তমন রিপোর্ট:জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা। গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
আয়োজকদের দাবি, মিছিল ও সমাবেশে প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল ও মাওলানা আব্দুল মজিদ।
বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, জুলাই আন্দোলন কোনো একক দলের নয়, বরং ছাত্র-জনতা ও দেশের মানুষের সম্মিলিত আন্দোলনের ফল। শিক্ষার্থীদের আত্মত্যাগ ও সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ৫ আগস্টের পরিবর্তন এসেছে।
তিনি বলেন, দেশের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠন করতে হবে।
সমাবেশে উপজেলা ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।