মুক্তমন রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ৬টা ১ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এমপি এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের আগ পর্যন্ত দেশে গণহত্যা ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে। ছাত্র-জনতা, রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটে।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, টাঙ্গাইলের মারুফসহ আত্মত্যাগকারী ও আহতদের স্মরণ করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। এ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঢাকা বিভাগ ও জেলা প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।