পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ

আদমদীঘির পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার।
আদমদীঘির পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার।

মুক্তমন রিপোর্ট: বগুড়ার আদমদীঘি উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের চৌধুরী পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর। তার পরনে ছিল লাল রঙের ডোরাকাটা চেক শার্ট ও কালো রঙের লুঙ্গি। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তির মরদেহ অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলে রাখা হতে পারে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।