স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।
চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

মুক্তমন রিপোর্ট: জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন, দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সব ধরনের বৈষম্য দূর করা। এসব লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর আলোকে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ জন্য গঠিত সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, কোনো তাড়াহুড়া বা হটকারী সিদ্ধান্ত নয়, বরং সব অংশীজন ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংবিধান সংশোধন করা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক, সিএমপি পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা রেঞ্জের ডিআইজি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।