আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ার অঙ্গীকার

জুলাই বিপ্লব দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মুক্তমন রিপোর্ট: ২০২৪ সালের জুলাই বিপ্লব দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ ছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানও বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিনের নির্যাতন, গুম, হত্যা, দুর্নীতি, অর্থপাচার ও রাজনৈতিক নিপীড়নের কারণে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হয়ে গণআন্দোলনে রূপ নেয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রাজপথে তরুণদের আত্মত্যাগ ও প্রতিরোধ বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে জীবনসংগ্রাম করছেন, জাতি তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গঠন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

সভায় স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, জুলাইয়ের গণআন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ঐতিহাসিক প্রতিরোধ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন ও গণপ্রতিনিধিত্বশীল ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব এস এম আহসানুল আজিজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।