মুক্তমন রিপোর্ট: ৩৬ জুলাই স্মরণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বিজয় র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি বেলকুচি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী (বাবু), পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাব হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম (শফি), সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, গণতান্ত্রিক চেতনা জাগ্রত রাখা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।
পরে দোয়া ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।