মুক্তমন রিপোর্ট:রাজধানীর শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও জুলাই গণঅভ্যুত্থানের স্মারক পরিদর্শন করেন তিনি।
জানা গেছে, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করা হবে।
জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।
এর আগে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।