মুক্তমন রিপোর্ট : গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগনগর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রাম এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল আলম মোটরসাইকেলে করে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। দিগনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।