সীমান্তে ইয়াবা ও চোরাচালানি পণ্যসহ আটক ১

যশোর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা ইয়াবা ও চোরাচালানি পণ্য
যশোর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা ইয়াবা ও চোরাচালানি পণ্য

মুক্তমন রিপোর্ট : যশোর সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ চোরাচালানি পণ্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

অভিযানে ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুচকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

আটক ব্যক্তি হলেন মো. সোহেল (৩৮)। তিনি যশোরের শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আটক সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।