হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৩৮

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের সদস্য ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে পুলিশের অভিযান
নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের সদস্য ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে পুলিশের অভিযান

মুক্তমন রিপোর্ট : নরসিংদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্য, মাদক ব্যবসায়ী ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব অভিযানে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার এবং বিপুল পরিমাণ মাদক ও জাল নোট জব্দ করা হয়েছে।

মনোহরদী থানা পুলিশ চকমাধবদী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় মাহবুব (২৪) ও মাকসুদ (২৫) নামে আরও দুজন কৌশলে পালিয়ে যায়। অভিযানকালে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সাহারিয়া শেখ (২৪), জুনায়েদ হাসান (২৬), তাহমিনা আক্তার (২৪) ও মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মানুষকে ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা হয়েছে। মামলাটি গত ১২ আগস্ট দায়ের করা হয়।

মাধবদী থানা পুলিশ বীরামপুর কৃষি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন—জাহাঙ্গীর আলম (৫৪) ও মামুন সরকার (৩৫)। পুলিশের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই ৮টি মাদক মামলা রয়েছে।

পলাশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সজিব মিয়া (২৭) নামে এক যুবককে ৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া জালিয়াতির মাধ্যমে তৈরি ভুয়া খাজনা দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রির সময় রিফাত মোল্লা নামে এক কথিত সিভিল কোড কমিশনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্য এক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আল আমিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।