মুক্তমন রিপোর্ট : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে মাছিমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি জানায়, সিভিল সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে মাছিমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১২০৮/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক নারীরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজারের বাসিন্দা আলিয়া বেগম (৪০)।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইস্কাফ সিরাপের মোট সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
পরে আটক দুই নারীকে উদ্ধার করা মাদকসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।